EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

খামেনিকে ইরানের শীর্ষ নেতাদের শেষ শ্রদ্ধা, তেহরানে লাখো মানুষের ঢল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩১ এএম

খামেনিকে ইরানের শীর্ষ নেতাদের শেষ শ্রদ্ধা, তেহরানে লাখো মানুষের ঢল

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। শুক্রবার (৩ জুলাই) দেশটির শীর্ষ নেতা, বিদেশি প্রতিনিধি এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, দাফনের আগে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শোভাযাত্রায় কয়েক কোটি মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করছে ইরানি কর্তৃপক্ষ। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন কাঁধে বহন করছেন শোকাহত মানুষ। তিন দশকের বেশি সময় ইরানের নেতৃত্ব দেওয়া খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতারা।

এদিন সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ বাহিদিও জনসমক্ষে উপস্থিত হন। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীও শোকানুষ্ঠানে অংশ নেন। হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিল। প্রায় ৩০টি দেশের প্রতিনিধি শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বিপুলসংখ্যক শোকযাত্রীর আগমন উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণজুড়ে টাঙানো হয়েছে খামেনির প্রতিকৃতি ও বিভিন্ন ব্যানার। রেড ক্রিসেন্ট শত শত তাঁবু স্থাপন করেছে এবং গরমে স্বস্তি দিতে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থাও করা হয়েছে।

খামেনির মরদেহ তিন দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। আগামী ৯ জুলাই উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।

শেষকৃত্য উপলক্ষে তেহরান, কোম ও মাশহাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। নিরাপত্তার কারণে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

[সূত্র: বাসস]

আরও পড়ুন