‘আমাদের আঙুল ট্রিগারে’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে ইরান কোনো ধরনের আত্মতুষ্টিতে নেই এবং প্রয়োজনে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শত্রুকে বিশ্বাস করি না।
তিনি আরও বলেন, আমাদের আঙুল ট্রিগারে আছে। কারও মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়, যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে আমরা পাল্টা পদক্ষেপ নেব।
এই যুদ্ধবিরতি নিয়ে ইরানের কঠোর অবস্থান এমন সময় সামনে এলো, যখন ইরান ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।
তবে কাতার জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে কোনো সরাসরি বৈঠক বা আলোচনা হবে না।
[সূত্র: বিবিসি]