EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ এএম

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

ছবি: সংগৃহীত

অ অ

ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে হাজারো ভবন ধসে পড়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও উদ্ধারকাজের ধীরগতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শনকালে ডেলসি রদ্রিগেজ জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের খোঁজার পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেছেন, আফটারশকের আশঙ্কায় অনেক মানুষ এখনও নিজ বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, শেষ পর্যন্ত এই দুর্যোগে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনিজুয়েলা সরকার। পাশাপাশি ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন