EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাইবান্ধার রামমন্দির নির্মাণ স্থগিতের ঘটনায় ভারতের উদ্বেগ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০০ এএম

গাইবান্ধার রামমন্দির নির্মাণ স্থগিতের ঘটনায় ভারতের উদ্বেগ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

অ অ

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণকাজ স্থগিত এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এ ঘটনাকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাদের আরাধ্য দেবতার অবমাননার বিষয়টি উঠে এসেছে। এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি মন্দির প্রাঙ্গণে রামমন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তা নিয়ে স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি হয়। পরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মন্দির কর্তৃপক্ষ নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

এদিকে রামমন্দির নির্মাণ স্থগিতের ঘটনা এবং তা ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট করা হয়েছে। ঢাকায় সচিবালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর।

তিনি বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন হয়—এমন ঘটনা সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে রামমন্দির নির্মাণ স্থগিতের ঘটনায় স্থানীয় পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। তারা বিষয়টির স্থায়ী সমাধান এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন