EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা স্থগিত, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৮

সমঝোতা স্মারকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে ভ্যান্স বলেছেন, শান্তি প্রক্রিয়াকে ইসরায়েলের সম্মান করা উচিত...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা স্থগিত, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৮

ছবি: সংগৃহীত

অ অ

সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। একই সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং হিজবুল্লাহর রকেট হামলায় ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সুইজারল্যান্ডের অব্যুর্গেনে আলোচনা শুরুর মাত্র দুই দিন আগে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ হয়েছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষে আলোচনার নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর সুইজারল্যান্ড যাচ্ছেন না। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, আলোচনার লজিস্টিক ব্যবস্থা কখনোই সহজ বা পূর্বানুমানযোগ্য ছিল না।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল, পরবর্তী দফার আলোচনা শুরুর আগে তেহরান অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের বাস্তব প্রমাণ দেখতে চায়। একইসঙ্গে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে ইরান প্রতিনিধিদল পাঠানো বিলম্বিত করছে বলে আরবি সংবাদমাধ্যম আল-মায়াদিন জানায়।

বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। পাল্টা জবাবে ইসরায়েল নাবাতিয়েহ ও আশপাশের এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

শুক্রবার হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে তিনটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে, যদিও ইসরায়েল এটি নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি থেকে নিজেকে দূরে রাখা ইসরায়েল লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের ঘোষিত 'নিরাপত্তা অঞ্চল' প্রকাশ করে, যার মধ্যে দেশটির শত শত বর্গমাইল ভূখণ্ড অন্তর্ভুক্ত।

সমঝোতা স্মারকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে ভ্যান্স বলেছেন, শান্তি প্রক্রিয়াকে ইসরায়েলের সম্মান করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্পও সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন।

ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত লেবাননে ৩ হাজার ৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অপরদিকে হিজবুল্লাহর হামলায় অন্তত ৩২ জন ইসরায়েলি সেনা ও তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন