আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা ইরানি প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার কাতারের আমিরের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনতে কাতারের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অন্যদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানান। তিনি এ চুক্তিকে দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
কাতারের আমির আরও বলেন, বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা ও সংলাপভিত্তিক উদ্যোগের প্রতি দোহার সমর্থন অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর কাতারের এ ধরনের কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।