ট্রাম্পের ইরান চুক্তিতে হতবাক ইসরায়েল, ‘যুদ্ধের কোনো লক্ষ্যই পূরণ হয়নি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২১ পিএম
ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত চুক্তির শর্তগুলো সামনে আসার পর নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে ইসরায়েল। দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও কর্মকর্তাদের মতে, চুক্তিটি ইসরায়েলের ঘোষিত যুদ্ধ লক্ষ্যগুলোর কোনোটিই পূরণ করতে পারেনি; বরং বিভিন্ন ক্ষেত্রে দেশটিকে আরও জটিল অবস্থায় ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বিষয়বস্তু প্রকাশের পর ইসরায়েলজুড়ে বিস্ময়, হতাশা ও নীরব প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির নীতিনির্ধারক মহলের অনেকেই মনে করছেন, যুদ্ধের মাধ্যমে যেসব কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়েছিল, ট্রাম্পের এই সমঝোতায় তার প্রতিফলন নেই।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা, তেহরানের আঞ্চলিক প্রভাব কমানো এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম সীমিত করা। তবে নতুন চুক্তিতে এসব বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে তারা মনে করছেন।
এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে খুব বেশি প্রতিক্রিয়া না জানালেও দেশটির নিরাপত্তা ও কূটনৈতিক মহলে চুক্তিটি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এই সমঝোতার ফলে ইরান আন্তর্জাতিক অঙ্গনে আরও কৌশলগত সুবিধা পেতে পারে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন দাবি করছে, চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে এবং দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।
তবে সমালোচকদের মতে, যুদ্ধের পর এমন একটি চুক্তি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।