EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

এডওয়ার্ডস বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিমানবাহিনী নিশ্চিত করেছে, এতে অন্তত আটজন নিহত হয়েছেন।

১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস ব্যবহার করে আসছে। দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমানটি ‘দ্য বাফ’ নামে পরিচিত, যা ‘বিগ আগলি ফ্যাট’ এর সংক্ষিপ্ত রূপ।

আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

বি-৫২ বিশ্বের অন্যতম শক্তিশালী বোমারু বিমান হিসেবে পরিচিত, যা পারমাণবিক অস্ত্রসহ ভারী যুদ্ধাস্ত্র বহনে সক্ষম।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। [সূত্র: বিবিসি]

আরও পড়ুন