আসামে ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫
এই মডেলের বিমান সবশেষ ২০১৯ সালে চীনের সীমান্তের কাছে অরুণাচল প্রদেশ রাজ্যে বিধ্বস্ত হয়েছিল...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের প্রক্রিয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি মূল্যায়ন শুরু করে।
নিহতদের মধ্যে রয়েছেন— স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
বিমানবাহিনী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
দেশটির বিমানবাহিনী জানায়, রাশিয়ায় নির্মিত অ্যান্তোনভ এএন-৩২ বিমানটি আসাম রাজ্যের জোড়হাট শহরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের যে ছবি প্রকাশ করেছে, তাতে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং বিমানটি কয়েকটি টুকরো হয়ে গেছে বলে মনে হয়েছে।
দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান এএন-৩২ বিশেষভাবে উচ্চ পার্বত্য অঞ্চল এবং চরম আবহাওয়ায় ভালোভাবে পরিচালনার জন্য নকশা করা হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী দেশের সবচেয়ে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সামরিক সরঞ্জাম ও বেসামরিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে এ ধরনের প্রায় ১০০টি বিমান ব্যবহার করে।
এই মডেলের বিমান সবশেষ ২০১৯ সালে চীনের সীমান্তের কাছে অরুণাচল প্রদেশ রাজ্যে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন।