EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিকে সমর্থন ২০ জন তৃণমূল কংগ্রেস এমপির

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:০১ পিএম

শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিকে সমর্থন ২০ জন তৃণমূল কংগ্রেস এমপির
অ অ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভেঙে গেল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের ২০ জন সংসদ সদস্য।

ঘটনাচক্রে, যখন তৃণমূল কংগ্রসের ২০ জন সংসদ সদস্য বিজেপির সরকারকে সমর্থন করার ঘোষণা করছেন দিল্লিতে, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা-নেত্রী - মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী, দুজনেই দিল্লিতে হাজির বিজেপির বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে।

তবে তারই দলের দীর্ঘদিনের সংসদ সদস্যরা তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে বৈঠক করছেন, যেখানে আবার হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ওই বৈঠকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন, সেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বিদ্রোহী ব্লকের নেত্রী ঘোষিত হওয়া সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার।

তিনি আরও জানান যে শুভেন্দু অধিকারীই এই মিটিংয়ের আহ্বায়ক।

 তিনি জানান যে ইতোমধ্যেই সর্বসমক্ষে গণমাধ্যমকে তিনি তারা বক্তব্য জানিয়ে দিয়েছেন, আলাদা করে কিছু বলার নেই তার।

ওই বৈঠকে উপস্থিত সংসদ সদস্য শর্মিলা সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একাধিক বিদ্রোহী সংসদ সদস্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-কে সমর্থন করবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই নতুন ব্লকে সংসদে শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে বলে জানিয়েছেন তিনি।

তবে রাজ্যে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে যে আলাদা তৃণমূল ব্লক তৈরি হয়েছে, সংসদীয় বিদ্রোহী ব্লকটি এই রাজ্য ব্লকের সঙ্গে সম্পর্কিত কিনা সেই উত্তর দিতে চাননি শর্মিলা সরকার।

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভায় সংসদ সদস্য সুখেন্দুশেখর রায় তার পদ ও দল থেকেও ইস্তফা দিয়েছেন। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

অন্যদিকে একই দিনে ও একই সময়ে দিল্লিতে কংগ্রেসসহ ইন্ডিয়া ব্লকের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জী, কল্যাণ ব্যানার্জী এবং ডেরেক ও'ব্রায়ান। সূত্র: বিবিসি

আরও পড়ুন