নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন চালু করল সৌদি আরব
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:৪২ পিএম
চলতি বছরের হজ মৌসুম শেষ হতেই আগামী ১৪৪৮ হিজরি সনের ওমরাহর প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। রবিবার (৩১ মে) থেকেই নতুন মৌসুমের ওমরাহ ভিসা দেওয়া শুরু করছে দেশটির সরকার। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, আজ থেকে ওমরাহ ভিসা ইস্যু এবং বিদেশি ওমরাহ যাত্রীদের সৌদি আরবে আগমন শুরু হবে। এই প্রক্রিয়া চলবে আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত। এবার ওমরাহ যাত্রীরা সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি বা পারমিট নিতে পারবেন। ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমেই ওমরাহর সব ধরনের বুকিং ও সেবা মিলবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওমরাহ মৌসুমের একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে ওমরাহ ভিসা পাওয়ার শেষ সময়। আর ভিসা নিয়ে ওমরাহ যাত্রীরা আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ শেষ করে আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সব বিদেশি নাগরিককে অবশ্যই সৌদি আরব ছাড়তে হবে।
সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে ওমরাহ যাত্রীদের যাতায়াত ও আবাসন ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। এর পাশাপাশি ডিজিটাল সেবার ওপর জোর দিয়ে নুসুক অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি এবং কিউআর কোড যাচাইয়ের সুবিধা চালু করা হয়েছে, যা ওমরাহ প্রক্রিয়াকে আরও সহজ করবে। সূত্র: গালফ নিউজ