পারমাণবিক অস্ত্রের মহড়া চালাল বেলারুশ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০৪ পিএম
রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংরক্ষণকারী দেশ বেলারুশ সোমবার (১৮ মে) জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রশিক্ষণ শুরু করেছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এই মহড়ায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্র পরিবহন এবং ব্যবহারের প্রস্তুতি নেওয়ার অনুশীলন করা হবে।’
দেশটির মন্ত্রণালয় আরও জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।
বিবৃতিতে বলা হয়, ‘গোপনীয়ভাবে চলাচল, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং বাহিনী ও সরঞ্জাম ব্যবহারের কৌশলগত হিসাব অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
বেলারুশের সীমান্ত রয়েছে রাশিয়া, ইউক্রেন এবং ন্যাটোর তিনটি সদস্য রাষ্ট্রের সঙ্গে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো ২০২৩ সালে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিজেদের ভূখণ্ডে মোতায়েনে সম্মতি দেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, এসব অস্ত্র ব্যবহারের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই থাকবে।
ইউক্রেন যুদ্ধ চলাকালে পুতিন একাধিকবার রাশিয়ার পারমাণবিক শক্তির কথা উল্লেখ করেছেন, যা পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পক্ষে অতিরিক্ত হস্তক্ষেপ না করার সতর্কবার্তা হিসেবে দেখছে।
গত সপ্তাহে পুতিন জানান, চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া তাদের নতুন ‘সারমাত’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এবং মস্কো তাদের পারমাণবিক বাহিনী আরও আধুনিকায়ন অব্যাহত রাখবে।
তবে বেলারুশ দাবি করেছে, বর্তমান মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।
সূত্র: রয়টার্স