বিক্ষোভে ভাঙচুর করলে ‘ঘটি-বাটি’ বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে: মুখ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:১৩ পিএম
আন্দোলন বা বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থাই নয়, প্রয়োজনে তাদের ‘ঘটি-বাটি’ বিক্রি করে হলেও ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে।
শনিবার (১৬ মে) ডায়মন্ড হারবারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
বৈঠকে তিনি বলেন, ‘কথায় কথায় পথ অবরোধ কিংবা বিক্ষোভের নামে নৈরাজ্য আর সহ্য করা হবে না।’ ভবিষ্যতে যেকোনো বিক্ষোভ, মিছিল বা অবস্থান কর্মসূচির জন্য পুলিশের আগাম অনুমতি বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বাস ভাঙচুর, ট্রেনে হামলা, স্টেশনে পাথর নিক্ষেপ কিংবা সরকারি দপ্তরে আগুন দেওয়ার মতো ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তদের বাড়ির জিনিসপত্র জব্দ করে নিলামে বিক্রির মাধ্যমে সরকারি ক্ষতির অর্থ আদায় করা হবে বলেও সতর্ক করেন তিনি।
তার ভাষ্য, সরকারি সম্পত্তি জনগণের করের টাকায় গড়ে ওঠে। তাই যারা এসব সম্পদের ক্ষতি করবে, তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে।
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, অনুমতি ছাড়া কোনো ধরনের রাস্তা অবরোধ বা জমায়েত হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থান প্রশাসনের জন্য নতুন বার্তা বহন করছে। তবে গণতান্ত্রিক অধিকার ও প্রশাসনিক কড়াকড়ির ভারসাম্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।