EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মুসলিমদের জন্য কাজ না করার ঘোষণা বিজেপি বিধায়কের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:২২ পিএম

মুসলিমদের জন্য কাজ না করার ঘোষণা বিজেপি বিধায়কের
অ অ

ভারতের পশ্চিমবঙ্গের কাশীপুর-বেলগাছিয়া আসনের বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি মন্তব্য করেছেন, যেহেতু মুসলিম ভোটাররা তাকে ভোট দেননি, তাই আগামী পাঁচ বছরে তিনি তাদের জন্য কোনো কাজ করবেন না। তার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে রিতেশ তিওয়ারিকে বলতে শোনা যায়, “আগামী পাঁচ বছরে আমি তাদের জন্য একটি কাজও করব না।” তিনি দাবি করেন, তার নির্বাচনী এলাকায় মুসলিম ভোটারদের কাছ থেকে তিনি কোনো ভোট পাননি।

এক জনসভায় তিনি বলেন, “যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ওপরই আমার অধিকার ও দায়িত্ব রয়েছে। যারা ভোট দেয়নি, তাদের জন্য আমি কোনো সনদও দেব না।”

রিতেশ তিওয়ারি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “সবার সঙ্গে, সবার উন্নয়ন”–এর কথা বললেও এবারের নির্বাচনে “সবার হিসাব হবে” কথাটিও যোগ করেছেন। সেই হিসাব তিনি গণতান্ত্রিকভাবেই নেবেন বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক নির্বাচনে রিতেশ তিওয়ারি তৃণমূল কংগ্রেস নেতা ও কলকাতা পৌর করপোরেশনের উপমেয়র অতীন ঘোষ-কে পরাজিত করে জয়ী হন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৩৬৮ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৬৬ হাজার ৭১৭ ভোট।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “সংবিধানের চেতনাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা বিজেপির বক্তব্যে প্রতিফলিত হচ্ছে। মানুষ এ ধরনের মানসিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”

তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানান, তিনি এখনও ওই বক্তব্যের ভিডিও বা অডিও শোনেননি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছেন না।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন