পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো?
তবে এই অভাবনীয় জয়ের পেছনে ৯০ লাখ ভোটারের নাম ছাঁটাইয়ের বিষয়টি একটি বড় বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে..
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী এই দলটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ‘ঐতিহাসিক জনদেশ’ এবং সুশাসনের জয় হিসেবে অভিহিত করেছেন। তবে এই অভাবনীয় জয়ের পেছনে ৯০ লাখ ভোটারের নাম ছাঁটাইয়ের বিষয়টি একটি বড় বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনের ঠিক কয়েক মাস আগে ভারতের নির্বাচন কমিশন একটি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চালায়। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ।
নির্বাচন কমিশন এটিকে মৃত ও ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার একটি রুটিন কাজ হিসেবে দাবি করলেও, বিরোধী দল ও নাগরিক অধিকার রক্ষা গোষ্ঠীগুলো এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনার মতো মুসলিম প্রধান জেলাগুলোতে ভোটার বাতিলের হার ছিল অনেক বেশি।