EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কি না—নির্ভর করছে এক দলের সিদ্ধান্তে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০১:৪৪ পিএম

বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কি না—নির্ভর করছে এক দলের সিদ্ধান্তে
অ অ

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় তার দল 'তামিলাগা ভেত্রি কাজাগম' (টিভিকে)-এর ভবিষ্যৎ এখন ঝুলে আছে অন্য দলগুলোর সিদ্ধান্তের ওপর।

শুক্রবার (৮ মে) রাত পর্যন্ত বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া অনেকটাই নিশ্চিত মনে হলেও শেষ মুহূর্তে পাশা উল্টে যায়। টিটিভি দিনাকরণের এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সাফ জানিয়ে দিয়েছে, তারা বিজয়ের জোটকে সমর্থন দেবে না। ফলে নাটকীয় এই পরিস্থিতিতে এখন সবার নজর ‘বিদুথালাই চিরুথাইগাল কাজাগম’ (ভিসিকে)-এর দিকে। দলটির দুই বিধায়কের সমর্থন পেলেই কেবল প্রয়োজনীয় ১১৮ আসনের কোটা পূরণ করতে পারবেন বিজয়।

সূত্র মারফত জানা গেছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান বর্তমানে ডিএমকে শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আজ বিকেলের মধ্যেই দলটি তাদের চূড়ান্ত অবস্থান পরিষ্কার করতে পারে।

গভর্নরের অনড় অবস্থান

এদিকে, গত দুই দিনে তামিলনাড়ুর গভর্নর আর ভি আরলেকারের সঙ্গে তিন দফা বৈঠক করেও সরকার গঠনের সবুজ সংকেত পাননি বিজয়। রাজভবন সূত্র জানিয়েছে, ১১৮ জন বিধায়কের সুস্পষ্ট সমর্থন ছাড়া কাউকে শপথের আমন্ত্রণ জানাতে রাজি নন গভর্নর। তিনি প্রতিটি সমর্থনকারী দলের পক্ষ থেকে লিখিত পত্র দাবি করেছেন।

জোটের সমীকরণ

২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেলেও নিজে দুটি আসনে জেতায় একটি ছাড়তে হচ্ছে। ফলে কার্যত তার দলের আসন সংখ্যা ১০৭। বর্তমানে তার পাশে রয়েছে কংগ্রেস (৫ আসন), সিপিআই এবং সিপিএম (উভয় দলের ৪ আসন)। বাম দলগুলো বাইরে থেকে সমর্থনের কথা জানালেও কংগ্রেস মন্ত্রিসভায় দুটি পদের শর্ত জুড়ে দিয়েছে।

সব মিলিয়ে বিজয়ের ঝুলিতে এখন রয়েছে ১১৬ জন বিধায়কের সমর্থন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখনো দুই জন বিধায়ক প্রয়োজন। এমতাবস্থায় ভিসিকে’র দুই বিধায়ক যদি শেষ পর্যন্ত বিজয়ের পক্ষে দাঁড়ান, তবেই তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতের এই রাজ্যের রাজনৈতিক ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে ছোট দলগুলোর দরকষাকষির ওপর।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন