EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, তবে নৌ অবরোধ বহাল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩০ এএম

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, তবে নৌ অবরোধ বহাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

অ অ

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে ঘোষিত সামরিক অভিযান স্থগিত করেছে। তবে একই সঙ্গে ইরানের বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে বলে স্পষ্টভাবে জানিয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে অগ্রগতির কারণে এই অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।

ট্রাম্প বলেন, চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, তা যাচাই করার সুযোগ তৈরি করতেই ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

এর আগে হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র এ অভিযান শুরু করেছিল। কিন্তু ইরান এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দেয়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের আক্রমণাত্মক পর্যায় শেষ হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চায় এবং একটি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজে চলমান সামরিক কার্যক্রমকে সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে না এবং এ ধরনের পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন