মার্কিন ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে ইরানের কড়া সমালোচনা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৪১ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই উদ্যোগ শেষ পর্যন্ত অচলাবস্থার (ডেডলক) দিকে নিয়ে যাচ্ছে এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই টেকসই সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
আরাগচি আরও উল্লেখ করেন, পাকিস্তানের মধ্যস্থতায় যখন আলোচনা এগোচ্ছিল, তখন ‘অশুভ শক্তির’ প্ররোচনায় পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে এ ধরনের পদক্ষেপ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকেও এ বিষয়ে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। তবে ইরান এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিহিত করে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল-জাজিরা
-69f91e6d22522.jpg)