ফের হামলা হলে ঘাঁটির মতো মার্কিন রণতরিও পুড়বে: আইআরজিসি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
ইরানের ওপর ফের কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটির মতোই তাদের যুদ্ধজাহাজগুলোও ভয়াবহ পরিণতির শিকার হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-কে উদ্দেশ্য করে এই সতর্কবার্তা দেন।
তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাবে ইরান দীর্ঘমেয়াদি ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানবে।
ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ হামলার পরিকল্পনার খবরে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুসাভি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে পরিণতি হয়েছে, রণতরিগুলোর ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ব্রিফিং নেওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, চলমান কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে অথবা পরিস্থিতির চূড়ান্ত সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। আলোচনায় রয়েছে ইরানের অবকাঠামোতে হামলা, হরমুজ প্রণালির অংশবিশেষ নিয়ন্ত্রণ এবং ইউরেনিয়াম মজুদ জব্দের মতো পরিকল্পনাও।
তবে জেনারেল মুসাভি দৃঢ়ভাবে জানিয়েছেন, শত্রুপক্ষের কোনো অভিযানই প্রতিক্রিয়াহীন থাকবে না। তার ভাষায়, হামলা স্বল্পমেয়াদি হলেও ইরানের জবাব হবে সুদূরপ্রসারী, কঠোর এবং স্মরণীয়।
সূত্র: প্রেস টিভি
