হরমুজ প্রণালি খুলে দিয়ে ইতিবাচক বার্তা দিল ইরান: জাতিসংঘ মহাসচিব
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ এএম
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আন্তর্জাতিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেছেন, এই উদ্যোগ চলমান যুদ্ধবিরতির পরিবেশকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের অধিকার ও স্বাধীনতার পূর্ণ পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ এই অধিকারকে সম্মান জানাবে এবং প্রণালিতে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে।
জাতিসংঘ মহাসচিব আরও জানান, ইরানের এই পদক্ষেপ যুদ্ধবিরতির অবশিষ্ট সময়কে কার্যকর করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি আঞ্চলিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন।
এছাড়া পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপকে এই উদ্যোগ আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন গুতেরেস।
উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা দেন যে, যুদ্ধবিরতির সময়কাল জুড়ে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে। [সূত্র: বিবিসি]