যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে নিখোঁজ একের পর এক পারমাণবিক বিজ্ঞানী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
যুক্তরাষ্ট্রে উচ্চমাত্রার গোপন তথ্যের অ্যাক্সেস থাকা কয়েকজন বিজ্ঞানী ও সরকারি কর্মচারীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা তদন্ত করছে হোয়াইট হাউস। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখনো এসব ঘটনার মধ্যে কোনো সুস্পষ্ট যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর লাইভ নাও ফক্সের।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আশা করি এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে আমরা আগামী এক-দেড় সপ্তাহের মধ্যে আরও পরিষ্কার ধারণা পাব। আমি এই বিষয় নিয়ে একটি বৈঠক থেকেই এসেছি—বিষয়টি বেশ গুরুতর।’
তিনি আরও বলেন, ‘আশা করি এটি কাকতালীয়, তবে যারা নিখোঁজ বা মারা গেছেন, তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
এসব ঘটনার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে, কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত গোপন তথ্যের সঙ্গে যুক্ত ছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ঘটনাগুলোর মধ্যে কোনো সংগঠিত সংযোগ নেই।
এদিকে, এক সাংবাদিক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে এসব রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হয় এবং ট্রাম্প প্রশাসন এ বিষয়ে অবগত কি না এবং তদন্ত করছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে আমি অবশ্যই তা করব এবং আপনাকে জানাব।’
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রতিরোধ ও মহাকাশ আধিপত্যসংক্রান্ত গবেষণায় যুক্ত অন্তত ৯ জন, সম্ভবত ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বা অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন। আর এটি দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা মহলে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী অ্যাভি লোয়েব বলেন, ‘এই ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি না। প্রত্যেকের কাজের ক্ষেত্র আলাদা। তাই একে সমন্বিত কোনো পরিকল্পনার অংশ হিসেবে দেখার আগে সতর্ক থাকা উচিত।’
তিনি আরও বলেন, প্রতিটি ঘটনাই রহস্যজনক এবং আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন, তবে এগুলো কোনো বড় ধরনের সমন্বিত ষড়যন্ত্রের প্রমাণ দেয়—এমনটা এখনই বলা যাচ্ছে না।