ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি নেতা নিজার আমেদি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
ইরাকের নবনির্বাচিত রাষ্ট্রপতি নিজার আমেদি (বামে)। ছবি : রয়টার্স
দীর্ঘ ১৫০ দিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ইরাকের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি।
শনিবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে তিনি বড় ব্যবধানে জয়ী হন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ভোটের ফলাফলে দেখা যায়, নিজার আমেদি পেয়েছেন ২২৭ ভোট, যা তাকে নিরঙ্কুশ বিজয় এনে দেয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদের পেয়েছেন মাত্র ১৫ ভোট।
ইরাকের সাংবিধানিক ক্ষমতা বণ্টন অনুযায়ী প্রেসিডেন্ট পদটি কুর্দি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। সেই ধারাবাহিকতায় এবার প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে)-এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন আমেদি।
নির্বাচনের পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে তিনি “ইরাক ফার্স্ট” নীতি ঘোষণা করেন। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ইরাকের ভূখণ্ডে যেকোনো ধরনের হামলার নিন্দা জানান।
৫৮ বছর বয়সী নিজার আমেদি একজন অভিজ্ঞ প্রশাসক। তিনি এর আগে দুই মেয়াদে রাষ্ট্রপতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবেশমন্ত্রী ছিলেন।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন ইরাকের রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সংবিধান অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে পার্লামেন্টের বৃহত্তম ব্লকের মনোনীত প্রার্থীকে সরকার গঠনের আহ্বান জানাবেন তিনি। তবে এই প্রক্রিয়া নিয়ে দেশটিতে এখনো রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।