EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পৃথিবীতে ফেরার পথে আর্টেমিস–২ নভোচারীদের সঙ্গে ট্রাম্পের কথা, মাঝপথে নীরবতায় বিঘ্ন

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ এএম

পৃথিবীতে ফেরার পথে আর্টেমিস–২ নভোচারীদের সঙ্গে ট্রাম্পের কথা, মাঝপথে নীরবতায় বিঘ্ন

ছবি: সংগৃহীত

অ অ

পৃথিবীতে ফেরার পথে আর্টেমিস–২ মিশনের নভোচারীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কথোপকথনের মাঝপথে হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে এক মিনিটেরও বেশি সময় নীরবতা তৈরি হলে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (৬ এপ্রিল) ট্রাম্প ভিডিও কলে আর্টেমিস–২ মিশনের কমান্ডার রেইড উইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং নভোচারী ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নভোচারীদের সাহস, মেধা ও অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেনকে উল্লেখ করে বলেন, তার দেশের মানুষ তার জন্য গর্বিত।

তবে কথোপকথনের একপর্যায়ে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে মনে হয় এবং উভয় পক্ষেই প্রায় ৬৩ সেকেন্ড নীরবতা বিরাজ করে। নভোচারীরা ক্যামেরার সামনে কিছুটা অপ্রস্তুত অবস্থায় অপেক্ষা করেন। পরে কমান্ডার উইসম্যান নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের কাছে সংযোগ পরীক্ষা করতে বলেন। এর কিছুক্ষণ পর ট্রাম্প আবার লাইনে যুক্ত হয়ে জানান, দূরত্বজনিত কারণে সাময়িকভাবে সংযোগে সমস্যা হয়েছিল।

তিনি বলেন, দীর্ঘ দূরত্বের কারণে যোগাযোগে প্রায় ৯ সেকেন্ডের বিলম্ব হচ্ছিল এবং সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।

পরে আবার কথোপকথন স্বাভাবিক হলে ট্রাম্প নভোচারীদের প্রশংসা অব্যাহত রাখেন এবং পৃথিবীতে ফিরে আসার পর তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তিনি মজা করে বলেন, তিনি তাদের কাছ থেকে অটোগ্রাফও নিতে চান।

উল্লেখ্য, গত ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় আর্টেমিস–২ মিশন। চার নভোচারী নিয়ে যাত্রা শুরু করা এ মহাকাশযান চাঁদের দূর প্রান্ত প্রদক্ষিণ করে ১০ দিনের মিশন শেষে পৃথিবীতে ফিরে আসছে।

মিশনের ষষ্ঠ দিনে মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্ব অতিক্রম করে, যা ১৯৭০ সালের অ্যাপোলো–১৩ মিশনের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

নাসা জানিয়েছে, ওরিয়ন মহাকাশযানটি মঙ্গলবার দুপুরের দিকে চাঁদের মহাকর্ষীয় প্রভাববলয় ত্যাগ করে পৃথিবীর পথে অগ্রসর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন