জম্মুতে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি
তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০২:৫১ এএম
জম্মু ও কাশ্মীরে একটি বিয়ের অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনাটি বুধবার (১১ মার্চ) বিকেলে জম্মুর একটি বিয়ের অনুষ্ঠানে ঘটে। ওই সময় একজন ব্যক্তি ফারুক আবদুল্লাহর দিকে বন্দুক তাক করে গুলি ছোড়েন। নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বড় ধরনের ঘটনা এড়ানো যায়।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করেছে। প্রাথমিকভাবে তাকে জম্মুর পুরানি মণ্ডি এলাকার বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।
হামলার সময় জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না তা তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন নিরাপত্তা আরও জোরদার করেছে।