যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত
বোমা-ক্ষেপণাস্ত্র সমাধান নয়, আলোচনার আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের
বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে এবং সংকট নিরসনে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘আজ সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা হামলার নিন্দা জানাই। সশস্ত্র সংঘাতে সব সময় চূড়ান্ত মূল্য দিতে হয় বেসামরিক নাগরিকদের। বোমা ও ক্ষেপণাস্ত্র মতবিরোধ মেটানোর উপায় নয়; এগুলো শুধু মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্ভোগ ডেকে আনে।’
তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এই ভয়াবহ পরিণতি এড়াতে আমি সংযমের আহ্বান জানাই এবং সব পক্ষকে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তেজনা কমাতে ও আবার আলোচনার টেবিলে ফিরে যেতে অনুরোধ করি, যেখানে মাত্র কয়েক ঘণ্টা আগেও তারা সমাধান খোঁজার চেষ্টা করছিল।
তুর্ক বলেন, ‘আমি আগেও সতর্ক করেছি যে, তা না করলে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হবে, যা অবশ্যম্ভাবীভাবে মধ্যপ্রাচ্যজুড়ে আরও অনেক বেসামরিক মৃত্য ও ধ্বংস ডেকে আনতে পারে- ইরানসহ পুরো অঞ্চলে যার মাত্রা হতে পারে কল্পনাতীত।’