তেহরানে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে শিক্ষার্থীরা সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে সরকারবিরোধী স্লোগান দেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় ও প্রবাসী কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলাকালে ভিড়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। অনেকেই ফারসি ভাষায় ‘নির্লজ্জ’ স্লোগান দেন।
বিদেশ থেকে সম্প্রচারিত ফারসি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর ফুটেজে দেখা গেছে, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
ইরানে গত ডিসেম্বরে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলছিল। আর্থিক দুরবস্থা এবং নীতিনির্ধারণে অসন্তোষের কারণে বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী কঠোর হাতে বিক্ষোভ দমন করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, এই সহিংসতায় তিন হাজারের বেশি নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ সাত হাজারের বেশি নিহতের তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম ‘ফার্স’ জানায়, নিহতদের স্মরণে শিক্ষার্থীদের প্রথমে শান্তিপূর্ণ ও নীরব অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু কিছু শিক্ষার্থী ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্যুট পরা কিছু ব্যক্তি বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা করেন। উভয় পক্ষের হাতে সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের ছবি দেখা গেছে।
এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে নিরাপত্তা বাহিনীর ভূমিকার সমালোচনা করে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এ অবস্থায় তেহরানে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।