চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যানসেট সতর্ক করেছে, বিদেশি উন্নয়ন সহায়তা কমে গেলে আগামী কয়েক বছরে লাখ লাখ শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে। এই সহায়তা কমলে ২০৩০ সালের মধ্যে দু’কোটিরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এতে পাঁচ বছরের কম বয়সি শিশু থাকবে অন্তত ৫৪ লাখ।
বিশেষজ্ঞদের মতে, গত দু’দশকে বিশ্বজুড়ে শিশু মৃত্যুহার কমেছিল। কিন্তু হঠাৎ সহায়তা কমানোর ফলে তা হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে। বিশেষ করে সংক্রামক রোগ ও অপুষ্টিজনিত মৃত্যু আবারও বাড়তে পারে।
ল্যানসেট গ্লোবাল হেলথ–এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দাতা দেশগুলোর অর্থায়নে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে পরিচালিত স্বাস্থ্য কর্মসূচির কারণেই শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছিল। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় দাতা দেশগুলো সহায়তা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় সেই সাফল্য হুমকির মুখে পড়েছে।
গবেষকেরা ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিদেশি সহায়তার পরিমাণ এবং সংশ্লিষ্ট দেশগুলোর মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করেছেন। এরপর তিনটি সম্ভাব্য পরিস্থিতি ধরে প্রভাব মূল্যায়ন করা হয়েছে। একটি বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকলে, দ্বিতীয়টি সহায়তা সামান্য কমলে এবং তৃতীয়টি সহায়তা বড় মাত্রায় কমে গেলে।