EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৮ প্রাণহানি, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ

আর্কটিক বায়ুর প্রভাবে আরও কয়েক দিন শীতের আশঙ্কা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১৫ এএম

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৮ প্রাণহানি, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে গতকাল প্রবল তুষারপাতের মধ্যে পোষা কুকুর নিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: এএফপি

অ অ

তীব্র শীত আর রেকর্ড পরিমাণ তুষারঝড়ে কার্যত অচল হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তুষারের পুরু স্তরে ঢাকা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশজুড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত হয়েছে এই শীতের প্রকোপ। অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের ১৮ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। প্রায় ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের খবর পাওয়া গেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই দুর্যোগের কবলে পড়েছেন প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ। এছাড়া ১৫ কোটির বেশি মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন গভর্নর ক্যাথি হোকুল। অন্যদিকে টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস ও কানসাস থেকেও মৃত্যুর খবর আসছে।

নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি নাগরিকদের জরুরি প্রয়োজনে সাহায্যের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

তুষারঝড়ের কারণে গত রবিবার থেকে দেশজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ জানিয়েছে, সোমবারও এই সংখ্যা আরও বেড়েছে।

এদিকে, টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছেন। তীব্র ঠান্ডায় বিদ্যুৎহীন থাকা বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারঝড়ের বলয়টি আটলান্টিক মহাসাগরের দিকে সরে গেলেও আর্কটিক থেকে আসা হিমেল বাতাসের কারণে উত্তর-পূর্বাঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা এখনও কাটেনি। ফলে এই তীব্র শীত আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন