EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা: ম্যাক্রোঁর গোপন বার্তা ফাঁস করলেন ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা: ম্যাক্রোঁর গোপন বার্তা ফাঁস করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

অ অ

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্পর্ক যখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। আর এই সময়েই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বার্তাটি শেয়ার করেন তিনি।

প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, ম্যাক্রোঁ ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে সিরিয়া ও ইরান ইস্যুতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিস্ময় জানিয়ে তিনি লেখেন, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের তৎপরতা তিনি বুঝতে পারছেন না এবং বড় পরিসরে সমাধানের আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেন, ডেনমার্ক ও রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে প্যারিসে একটি বিশেষ বৈঠকের প্রস্তাবও দেন ম্যাক্রোঁ।

গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে ইউরোপে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছেন ম্যাক্রোঁ। তিনি ডেনমার্কের পক্ষে প্রকাশ্য সমর্থন জানিয়ে গ্রিনল্যান্ডে ফরাসি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

এদিকে গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পরিকল্পনায় ফ্রান্সের আপত্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ম্যাক্রোঁকে কটাক্ষ করে বলেন, খুব শিগগিরই তাকে ক্ষমতা ছাড়তে হবে। একই সঙ্গে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেন ট্রাম্প।

সিএনএন জানিয়েছে, প্রকাশিত স্ক্রিনশটটি সত্যিই ম্যাক্রোঁর পাঠানো বার্তার। বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতার এমন প্রকাশ্য বিরোধ আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন