বিতর্কিত ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত আলোচিত ও বিতর্কিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি), ব্রুকলিনে আটক রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কারাগারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তাহীনতা ও অমানবিক পরিবেশের অভিযোগ রয়েছে। এমনকি অতীতে কয়েকজন মার্কিন বিচারক সেখানে আসামি পাঠাতে অনীহা প্রকাশ করেছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০-এর দশকের শুরুতে চালু হওয়া এই ফেডারেল আটককেন্দ্রে বর্তমানে প্রায় এক হাজার ৩০০ বন্দি রয়েছে। মূলত ম্যানহাটন ও ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারাধীন আসামিদের অস্থায়ীভাবে রাখার জন্য ব্যবহৃত হয় এই কারাগার। এখানে একদিকে যেমন কুখ্যাত অপরাধী ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন, অন্যদিকে তেমনি আর্থিক ও করপোরেট অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও বন্দি আছেন।
নিকোলাস মাদুরোই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান নন, যাকে এমডিসি ব্রুকলিনে রাখা হলো। এর আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগে বিচার চলাকালে এই কারাগারেই আটক রাখা হয়েছিল।
বর্তমানে এমডিসিতে থাকা উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন মেক্সিকোর সিনালোয়া কার্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা ইসমাইল ‘এল মায়ো’ জামবাদা গার্সিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার লুইজি ম্যানজিওনেও এখানে আটক রয়েছেন।
এমডিসি ব্রুকলিনের সাবেক বন্দিদের তালিকায় রয়েছে আলোচিত ক্রিপ্টো উদ্যোক্তা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড, যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল, সংগীত তারকা আর কেলি এবং র্যাপার শন ‘ডিডি’ কম্বসের মতো আলোচিত নাম।
সহিংসতা, নিরাপত্তা সংকট ও ন্যূনতম মানবিক সুবিধার অভাবের অভিযোগের কারণে এমডিসি ব্রুকলিন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত ফেডারেল কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত।