ইলন মাস্কের সম্পদের রেকর্ড: ৭৪৯ বিলিয়ন ডলারে ইতিহাস গড়লেন
ডেইলি সান রিপোর্ট, আন্তির্জাতিক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম
টেসলার সিইও ইলন মাস্ক।
টেসলার সিইও ইলন মাস্ক ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ডেলাওয়ার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের মাধ্যমে তার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল হওয়ায় নিট সম্পদ এক ঝটকায় বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। এর ফলে মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক অতিক্রম করলেন।
তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে, ২০১৮ সালে নির্ধারিত পারিশ্রমিক প্যাকেজটি একসময় ৫৬ বিলিয়ন ডলারের সমমূল্য ছিল। তবে নিম্ন আদালত এটিকে ‘অচিন্তনীয়’ বলে বাতিল করে। চলতি সপ্তাহে ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে প্যাকেজটি পুনর্বহাল করে। আদালত বলেছে, ২০২৪ সালে যে রায়ে পারিশ্রমিক বাতিল করা হয়েছিল, তা ইলন মাস্কের প্রতি অন্যায় এবং অনুচিত ছিল।
ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, মাস্কের সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাস্ক চলতি সপ্তাহে ইতিহাসে প্রথম ৬০০ বিলিয়ন ডলারের সম্পদ অতিক্রম করেছিলেন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এর খবরেই তার সম্পদের মূল্য আরও বেড়ে যায়।
এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের আলাদা পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন দেন। এটি করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগকারীরা শুধু টেসলাকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দেখছেন না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের মাস্কের পরিকল্পনাকেও সমর্থন দিয়েছেন।
বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি। বছরের শুরুতে কিছু রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি টেসলার উন্নয়নে মনোনিবেশ করেছেন, যা বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স খাতে তার প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই নতুন রেকর্ডের মাধ্যমে ইলন মাস্ককে বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা হলো।[সূত্র: টিআরটি ওয়ার্ল্ড]