EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান এরদোয়ানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

গাজায় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

অ অ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় নৃশংসতা ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের মূল মূল্যবোধকে মারাত্মকভাবে দুর্বল করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংসতা চলছেই।

তিনি মানবজাতির অভিন্ন মূল্যবোধের প্রতীক সার্বজনীন ঘোষণাপত্রের ৭৭তম বার্ষিকী উপলক্ষে তুর্কি জনগণ এবং বিশ্বের মানুষকে অভিনন্দন জানান।

এরদোয়ান আরও উল্লেখ করেন, গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পুনর্গঠনের দায়িত্ব সমগ্র মানবতার। তিনি তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শক্তিশালী করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে গাজার স্থায়ী শান্তি অর্জনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন।

প্রেসিডেন্ট অভিযোগ করেন, বাস্তবে ইসরায়েল যুদ্ধবিরতির তোয়াক্কা না করে হামলা চালাচ্ছে, যা ১১ অক্টোবরের পর কমপক্ষে ৩৭০ ফিলিস্তিনির মৃত্যু ডেকেছে।

এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হবে যাতে গাজা আরেকবার সংঘাতের দিকে না ধাবিত হয়।

তিনি আরও বলেন, সুদানেও রক্তপাত বন্ধ এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তুরস্ক শান্তি ও সংলাপনির্ভর ভূমিকা অব্যাহত রাখছে। সাংস্কৃতিক বৈষম্য, ইসলামবিদ্বেষ ও ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে দৃঢ় লড়াই মানবাধিকারের সুরক্ষায় অপরিহার্য।

এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক বিশ্বজুড়ে মানবাধিকার ও মানবমর্যাদা রক্ষায় কাজ চালিয়ে যাবে এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় সর্বোচ্চ অবদান রাখবে। [সূত্র: আনাদোলু এজেন্সি]

আরও পড়ুন