এসআইপিআরআই গবেষণা
বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, তালিকার পাঁচে তুরস্ক
গবেষণা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গত বছর ৫.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলারে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
বিশ্বব্যাপী যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা ও অতিরিক্ত প্রতিরক্ষা বিনিয়োগের প্রভাবে ২০২৪ সালে অস্ত্র বিক্রি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপের পাশাপাশি তুরস্কও বৈশ্বিক অস্ত্রবাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। অস্ত্র রপ্তানিতে দেশটি বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে।
সোমবার (১ ডিসেম্বর) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
গবেষণা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গত বছর ৫.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলারে—যা ২০১৮ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি। এসআইপিআরআই জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা হুমকি এবং বিশ্বশক্তিগুলোর বাড়তি প্রতিরক্ষা ব্যয়ই এই প্রবৃদ্ধির প্রধান কারণ।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ৩৩৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে, যা বৈশ্বিক প্রতিরক্ষা বাজারের বড় অংশ। ইউরোপের ২৬টি কোম্পানির মধ্যে ২৩টির বিক্রি বেড়েছে। ফলে মহাদেশটির মোট বিক্রি ১৩% বেড়ে ১৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, তুরস্ক অস্ত্র বিক্রির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। দেশের প্রধান প্রতিরক্ষা কোম্পানি এমকেই, বায়কার, তাই ও রকেটসানের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির সামগ্রিক অস্ত্র বিক্রি ১১% বেড়ে দাঁড়িয়েছে ১০.১ বিলিয়ন ডলারে।
নিষেধাজ্ঞা ও শ্রমিক সংকট থাকা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা শিল্প রাজস্ব ২৩% বৃদ্ধি করেছে, যা দাঁড়িয়েছে ৩১.২ বিলিয়ন ডলারে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের নয়টি কোম্পানি মোট ৩১ বিলিয়ন ডলারের অস্ত্র উৎপাদন করে শীর্ষ ১০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে। গাজা যুদ্ধ নিয়ে বৈশ্বিক সমালোচনা থাকলেও ইসরায়েলের অস্ত্র বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
