EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্ক পুলিশের প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশি শামসুল হক

ডেইলি সান রিপোর্ট, আন্তির্জাতিক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

নিউইয়র্ক পুলিশের প্রথম দক্ষিণ এশীয় লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশি শামসুল হক

বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক। ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশের ইতিহাসে (এনওয়াইপিডি) নতুন মাইলফলক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক। তিনি প্রথম দক্ষিণ এশীয় হিসেবে লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি পেয়ে শুধু ব্যক্তিগত অর্জনেই নয়, বরং পুরো বাংলাদেশি ও দক্ষিণ এশীয় অভিবাসী সমাজের জন্য গর্বের নতুন অধ্যায় লিখেছেন।

সিলেটের গোলাপগঞ্জের বাঘার গ্রামের সন্তান শামসুল হক বর্তমানে স্ত্রী রুবিনা হক ও দুই সন্তান নিয়ে নিউইয়র্কের কুইন্সে বসবাস করেন। দীর্ঘ পরিশ্রম, শিক্ষাজীবন ও কর্মদক্ষতার ভিত্তিতে তিনি ২০২১ সালের ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট কমান্ডার পদে উন্নীত হন।

১৯৯১ সালে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শামসুল। শুরুতে রেস্তোরাঁয় বাস বয়, ডেলিভারিম্যান, ম্যানেজারসহ বিভিন্ন কাজে যুক্ত থাকলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি। পড়াশোনা চালিয়ে ১৯৯৭ সালে ডিপ্লোমা অর্জনের পর লাগার্ডিয়া কলেজ থেকে এএস ডিগ্রি এবং পরে বারুক কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০০৪ সালের জানুয়ারিতে এনওয়াইপিডিতে যোগ দেন তিনি। তখন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন হাতেগোনা। দক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের কারণে ২০১০ সালে সার্জেন্ট এবং ২০১৪ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পরবর্তীতে এনওয়াইপিডির অভ্যন্তরীণ বিষয়ক তদন্ত বিভাগেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশি-আমেরিকানদের আইন প্রয়োগকারী সংস্থায় যুক্ত হতে উৎসাহিত করতে তিনি গঠন করেন Bangladeshi American Police Association (BAPA)। তার উদ্যোগে বহু বাংলাদেশি-আমেরিকান যুবক এনওয়াইপিডিতে অফিসার ও ডিটেকটিভ হিসেবে যোগদানের সুযোগ পেয়েছেন।

নিজের সাফল্যকে সম্প্রদায়ের প্রতি দায়িত্ব মনে করেন শামসুল হক। তিনি বলেন, ‘আমি চাই আরও বাংলাদেশি-আমেরিকান যুবকরা আইন প্রয়োগকারী পেশায় এগিয়ে আসুক এবং নিজেদের সমাজের জন্য কাজ করুক।’

শামসুল হকের এই অর্জন যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশিদের অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিলো — যা দেশ-বিদেশের লাখো অভিবাসীর জন্য অনুপ্রেরণার উজ্জ্বল উদাহরণ।

আরও পড়ুন