কেন একসঙ্গে এত মহড়া চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ: তিন মাসে একাধিক দেশের সঙ্গে মহড়া।
ভারত মহাসাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিকে একযোগে যুদ্ধজাহাজ মোতায়েন করে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক যৌথ মহড়া চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে সামরিক সহযোগিতা বাড়াতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তায় নিজেদের সক্ষমতা ও প্রস্তুতি দেখাতে এসব কার্যক্রম চালানো হয়।
প্রতিবেশী দেশ, আসিয়ানভুক্ত রাষ্ট্র, উপসাগরীয় ও আফ্রিকার দেশ, ইউরোপীয় নৌবাহিনী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অংশীদারদের সঙ্গে এসব মহড়া হয়।
বিশাখাপত্তনমে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে ১৩তম নৌ-মহড়া ‘স্লিনেক্স’ অনুষ্ঠিত হয়। অক্টোবরে সিঙ্গাপুরের সঙ্গে ‘সিমবেক্স’ মহড়াও হয়। বর্তমানে বিশাখাপত্তনমে মিয়ানমারের সঙ্গে অষ্টম যৌথ নৌ-মহড়া ‘আইএমএনইএক্স-২৬’ চলছে, যা ১০ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
ফিলিপাইনের সুবিক উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা মহড়ায় অংশ নেয় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সহ্যাদ্রি ও আইএনএস কুলিশ। এ ছাড়া রাশিয়ার ভ্লাদিভোস্তকে ১৩ থেকে ১৮ অক্টোবর ‘ইন্দ্র’ এবং দক্ষিণ কোরিয়ার বুসানে দ্বিপক্ষীয় মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনী।
২২ থেকে ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের তুলনে ‘ভারুনা’ এবং ৮ থেকে ১৫ অক্টোবর যুক্তরাজ্যের প্লাইমাউথের কাছে রয়্যাল নেভির সঙ্গে ‘কোঙ্কন’ মহড়া হয়। দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউনে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিপক্ষীয় ‘আইবিএসএমএআর’ এবং ওমানের সঙ্গে ‘নাসিম আল বাহর’ মহড়াতেও অংশ নেয় ভারত।
এসব যৌথ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের সক্ষমতা বাড়াচ্ছে ভারত। একই সঙ্গে সমুদ্রে তল্লাশি, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ও দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করছে দেশটির নৌবাহিনী।