রসগোল্লা ভেবে বোমায় কামড়, ব্যক্তির মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
প্রতীকী ছবি।
ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় ‘রসগোল্লা’ বলে হাতে দেওয়া একটি দেশীয় বোমা খেয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বস্তুটি মুখে দিয়ে কামড় দেওয়ার সাথে সাথেই সেটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে কোতোয়ালি থানার অধীনস্থ পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। ঘটনার রাতে রাজেন্দ্র নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন। দুজনের মধ্যে কথোপকথনের একপর্যায়ে রাম ভগত জনপ্রিয় ভারতীয় মিষ্টি ‘রসগোল্লা’ বলে রাজেন্দ্রের হাতে একটি দেশীয় বোমা তুলে দেন।
রাজেন্দ্র বিষয়টি বুঝতে না পেরে সেটি মুখে পুরে কামড় দিলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।
নিহত রাজেন্দ্রের স্ত্রী সুশীলা বাই বলেন, “এটি বন্যপ্রাণী মারার জন্য তৈরি করা এক ধরনের বোমা ছিল। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য ডাকি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এই ঘটনায় মূল অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।
ওসি নাগপুরে আরও বলেন, ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্র স্পষ্টভাবে বুঝতে পারেননি যে তাঁকে বোমা নাকি রসগোল্লা দেওয়া হচ্ছে। ফলে মুখে দিয়ে কামড় দেওয়া মাত্রই বোমাটি ফেটে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন যে, একটি ছেলে তাঁকে ওই বোমাটি দিয়েছিল। পুলিশ ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তের সাথে ভুক্তভোগী বা তাঁর প্রতিবেশীদের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখতে সব দিক থেকেই ঘটনার তদন্ত করছে পুলিশ।