আট মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ, আক্রান্ত ১৪১৭
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম
হামের প্রকোপ শুরুর পর আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে স্বস্তির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক—কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।
নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সবাই তিনটি বিভাগের। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জনের হাম শনাক্ত হয়েছে। দেশের বাকি পাঁচ বিভাগ—ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন দেশের আটটি বিভাগেই। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
এই সময়ে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। এ ছাড়া নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে।