জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।
দেশীয় শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস এসব বড়ি সরবরাহ করবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই খাবার বড়িগুলো কেনা হবে।
২০২৫-২৬ অর্থবছরের নিয়মিত ক্রয়প্রক্রিয়া অনুসরণ করে দরপত্র আহ্বান করা হলে এতে সর্বনিম্ন ও সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয় পপুলার ফার্মাসিউটিক্যালস। বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা শেষে কমিটি তা ক্রয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করে।