EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

‘আমরা নারী’ ও এরিস্টো আই হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

‘আমরা নারী’ এবং বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’ এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

অ অ

নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা সহজলভ্য করতে কৌশলগত সহযোগিতায় যুক্ত হয়েছে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’। এই লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে ‘আমরা নারী’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান।

এ ছাড়া হাসপাতালের হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।

এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা সহজলভ্য করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি চোখের স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীসমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে চক্ষুস্বাস্থ্যবিষয়ক সেমিনার, মতবিনিময় সভা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

চোখের রোগ সম্পর্কে অসচেতনতা ও প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে এসব কার্যক্রমে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্যান্য প্রতিনিধিরা।

‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গবেষণা, জনসচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নারী, তরুণ প্রজন্ম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বহুমুখী উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সচেতন সমাজ গঠনে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন