ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে রেড ক্রিসেন্টের সহায়তা
৫০ হাজার ডেঙ্গু টেস্ট কিট পেলো স্বাস্থ্য অধিদপ্তর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত
চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলার অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরকে (ডিজিএইচএস) ডেঙ্গু টেস্ট কিট ও জরুরি চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীতে বিডিআরসিএস সদর দপ্তরে এই হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।
হস্তান্তর করা চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ৫০ হাজার ডেঙ্গু এনএস১ টেস্ট কিট, ৭০ হাজার ব্যাগ নরমাল স্যালাইন, ১৫ হাজার ব্যাগ বেবি স্যালাইন এবং স্যালাইন সেট।
এছাড়া ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে (এইচএফআরসিএমসিএইচ) ৫ হাজার ব্যাগ নরমাল স্যালাইন প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশীদ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নাসিরউদ্দীন পনীরের হাতে এই চিকিৎসা সামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম।
দেশজুড়ে ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ডেঙ্গু শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারে বাংলাদেশ সরকারকে সহায়তা করার ক্ষেত্রে বিডিআরসিএসের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বলেন, “বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিডিআরসিএস জাতীয় পর্যায়ে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারগুলোকে মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’’
ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা সহজলভ্য করতে এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “চিকিৎসা সামগ্রী বিতরণের পাশাপাশি আমাদের চলমান ‘ডেঙ্গু রেসপন্স অপারেশন ২০২৬’-এর অধীনে ডেঙ্গুপ্রবণ ১৭টি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ২,৫০০টি অসচ্ছল পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান, পরিচ্ছন্নতা অভিযান, ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
এছাড়া, ডেঙ্গু শনাক্তকরণ ও রোগী ব্যবস্থাপনায় ১০টি সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসব সমন্বিত উদ্যোগের মাধ্যমে সারা দেশে প্রায় ৫ লাখ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বিডিআরসিএস। সংস্থাটির প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের দেশব্যাপী নেটওয়ার্ক লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক কার্যক্রম, ডিজিটাল যোগাযোগ ও কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মাঠে কাজ করে যাচ্ছে।
এর আগে পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আগেই বিডিআরসিএস সরকারকে ৪০ হাজার ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেছিল।
এছাড়া, সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের সময়ও বিডিআরসিএস সরকারকে এক লাখ ব্যাগ নরমাল স্যালাইন দিয়ে সহায়তা করে।
অনুষ্ঠানে বিডিআরসিএসের মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহছান-ই-এলাহী, পরিচালক (স্বাস্থ্য ও ফান্ড রেইজিং - অতিরিক্ত), অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস. এম. হুমায়ুন কবীর (অব.), পরিচালক (এইচআর ও প্রশাসন) এএসএম মামুনুর রহমান খলিলী, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক, হাসপাতালের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন আহমেদ এবং আইএফআরসির বাংলাদেশ ডেলিগেশন প্রধান সেভাল গুজেলকিলিনচ-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।