খান সাইফুলের চিকিৎসার অগ্রগতি দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ডা. বিটু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসুস্থ খান সাইফুলের চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান তিনি। সেখানে সাইফুলের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
হাসপাতালে সাইফুলের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডা. বিটু। তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। বিষয়টি জানার পর থেকে ডা. মনোয়ারুল কাদির বিটু তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন। চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোও ধারাবাহিকভাবে তদারকি করছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিকেল বোর্ডের সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।