বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’তে ২৫০ মিলিয়ন ইউরো ঋণ দিচ্ছে ইআইবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
জার্মানিতে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
জার্মানিতে ‘ওয়ার্ল্ড হেলথ সামিটে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (১০ অক্টোবর) ওয়ার্ল্ড হেলথ সামিট (ডব্লিউএইচএস) উপলক্ষে বার্লিনের চ্যারিটি ক্যাম্পাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের অংশগ্রহণে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে প্রসূতি মৃত্যুহার হ্রাস, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ে ২৪/৭ জরুরি প্রসূতি সেবা পৌঁছে দেওয়ার জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। এছাড়া জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল পেশেন্ট ট্র্যাকিং ব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্ব পায়।
স্বাস্থ্য খাতের এই নতুন যুগান্তকারী উদ্যোগে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বার্লিনের চ্যারিটে বিশ্ববিদ্যালয় এবং বার্লিন ইনস্টিটিউট অব হেলথ (বিআইএইচ) প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এই আন্তর্জাতিক অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি বার্লিনের চ্যারিটে হাসপাতালের আধুনিক চিকিৎসাব্যবস্থা ও ক্যান্সার স্ক্রিনিং সুবিধাগুলো সরেজমিনে পরিদর্শন করেন। ভবিষ্যতে উভয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত পোষণ করেন।