EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

ধূমপান-বায়ুদূষণ-ভেপিংয়ে ফুসফুসের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

ধূমপান-বায়ুদূষণ-ভেপিংয়ে ফুসফুসের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ছবি: সংগৃহীত

অ অ

ধূমপান, তামাকজাত পণ্য ও বায়ুদূষণের পাশাপাশি ই-সিগারেট ও ভেপিংয়ের কারণে ফুসফুসের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ফুসফুসের সুস্থতা রক্ষায় এসব ঝুঁকি এড়িয়ে চলার পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত শনাক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘এ লাইফটাইম অব লাং হেলথ’ বা ‘আজীবন ফুসফুসের সুস্বাস্থ্য’ প্রতিপাদ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ এ বৈঠকের আয়োজন করে। দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যারিস্টোফার্মা পিএলসি এতে সহযোগিতা করে।

আলোচনায় বক্তারা বলেন, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা জরুরি। ধূমপান ও তামাকজাত পণ্য বর্জনের পাশাপাশি পরিবেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, প্রচলিত তামাকজাত পণ্যের পাশাপাশি ই-সিগারেট ও ভেপিংয়ের ব্যবহারও ফুসফুসের জন্য ক্ষতিকর। এসব পণ্যের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য নিকোটিনজাত পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ফুসফুসের কোনো রোগ হলে দ্রুত শনাক্ত করে চিকিৎসা নেওয়ার ওপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ফুসফুসের রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসাইন ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. রৌশনী জাহান ও ডা. জিয়াউল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ রেজাউল হক, বর্তমান প্রধান অধ্যাপক ডা. আদনান ইউসুফ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদসহ চিকিৎসক, স্বাস্থ্য খাতের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন