প্রতিদিন মাথাব্যথা? জীবনযাপনেই লুকানো কারণ
ঘুমের অনিয়ম, স্ক্রিন টাইম আর ভুল খাদ্যাভ্যাসেই বাড়ছে মাথাব্যথা
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
দৈনন্দিন জীবনযাত্রার কিছু অভ্যাসের কারণে বাড়তে পারে মাথাব্যথা। ছবি: সংগৃহীত
দীর্ঘ সময় কাজের মাঝে বা কাজ শেষে অনেকের মাথাব্যথা হয়, যা সাধারণত মানসিক চাপ বা ক্লান্তি থেকে হয়। নিউরোলজিস্ট ড. আতমপ্রীত সিং বলেছেন, প্রতিদিন মাথাব্যথা হলে তা উদ্বেগের কারণ এবং প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই চিকিৎসকের পরামর্শ তুলে ধরা হয়েছে।
মাথাব্যথার প্রথম কারণ হিসেবে ড. আতমপ্রীত উল্লেখ করেছেন অনিয়মিত ঘুম। রাতে দেরিতে ঘুমাতে যাওয়া বা পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের ব্যথা অনুভব করার ক্ষমতা প্রভাবিত হয়। যাদের মাইগ্রেন আছে, তাদের এই সমস্যা আরও বেড়ে যায়। সপ্তাহজুড়ে ঘুমের ঘাটতি ছুটির দিনে ঘুমিয়ে পূরণ করা সম্ভব নাও হতে পারে।
স্ক্রিন টাইমও মাথাব্যথার একটি বড় কারণ বলে জানান তিনি। কম্পিউটার বা ফোনে টানা কয়েক ঘণ্টা কাজ করলে চোখে চাপ পড়ে। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে ঘাড় ও কাঁধেও টান পড়ে, যা টেনশন হেডেকের কারণ হতে পারে।
খাদ্যাভ্যাসও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। খাবার এড়িয়ে যাওয়া, দুপুরের খাবার দেরিতে খাওয়া, পর্যাপ্ত পানি না খাওয়া বা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ মাথাব্যথার ট্রিগার হিসেবে কাজ করে। নিয়মিত ক্যাফেইন গ্রহণকারীরা হঠাৎ তা বন্ধ করলেও মাথাব্যথা হতে পারে।
ড. আতমপ্রীতের মতে, কাজের ডেডলাইনের চাপ, ঘুমহীনতা, শারীরিক ব্যায়ামের অভাব ও বিশ্রামহীনতা পরিস্থিতি আরও জটিল করে তোলে। এসব কারণ একে অপরকে আরও বাড়িয়ে দেয়।
মাথাব্যথা নিয়ন্ত্রণে তিনি কয়েকদিন মাথাব্যথার হিসাব রাখার পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি কাজের মাঝে বিরতি নেওয়া, নির্দিষ্ট সময়ে খাওয়া, পর্যাপ্ত পানি পান করা ও নিয়মিত ঘুমানোর কথা বলেছেন তিনি। নিয়মিত শারীরিক ব্যায়ামও উপকারী বলে জানিয়েছেন। তবে মাথাব্যথা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।
ইমন/ডেইলি সান