চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা জরুরি: ডা. বিটু
শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: ডেইলি সান
চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে ‘ডিসলিপিডেমিয়া ব্যবস্থাপনা’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. বিটু বলেন, শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, হৃদরোগের স্টেন্ট, চোখের লেন্স ও ডায়ালাইসিসের চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক কমানোর উদ্যোগকে তিনি স্বাগত জানান। এসব উদ্যোগের ফলে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হবে।
সেমিনারে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সুমন। তিনি মেডিকেল শিক্ষার আধুনিকায়ন ও চিকিৎসক-শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভূমিকার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, কক্সবাজার ও কুমিল্লার সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. লুৎফুন নাহার।
কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকরাও সেমিনারে অংশ নেন।
