দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। একই সময়ে নতুন করে ৪০ জন নিশ্চিত হামরোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৪২ হাজার ৪৫৩ জন রোগী সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোট ৯৮৭ জন মৃতের মধ্যে ৮৮৮ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং ৯৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।
