EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৩১ শিশুর শরীরে। এ সময়ে নতুন করে এক হাজার ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে ৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে একদিনে নতুন রোগী ও সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের কারও মৃত্যুই নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত হয়নি। ফলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়লেও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ১ হাজার ৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৯ শিশু।

ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯। এর মধ্যে ৮৮০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জনের মৃত্যু নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার পর হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে।

আরও পড়ুন