দেশে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ আর চলতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, আমি এমন কিছু মেডিকেল কলেজের ফাইল দেখছি, যারা বিন্দুমাত্র নীতি-নিয়মের তোয়াক্কা করছে না
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:২৩ পিএম
ছুটির দিনেও মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তবে তার টেবিলজুড়ে ছড়িয়ে থাকা ফাইলগুলো যেন কোনো অনিয়মের আখ্যান। বেসরকারি মেডিকেল কলেজগুলোর নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে একের পর এক অসঙ্গতি দেখে ক্ষোভ উগরে দিলেন প্রতিমন্ত্রী। স্পষ্ট জানালেন, দেশে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ আর চলতে দেওয়া হবে না।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বেসরকারি মেডিকেলের ফাইল যাচাই-বাছাই শেষে এক বিশেষ ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এমন কিছু মেডিকেল কলেজের ফাইল দেখছি, যারা বিন্দুমাত্র নীতি-নিয়মের তোয়াক্কা করছে না। বছরের পর বছর তাগাদা দেওয়ার পরও তারা শিক্ষা প্রতিষ্ঠানের বদলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো চলছে। অনেক কলেজের নিজস্ব জমি নেই, এমনকি ব্যাংকে গচ্ছিত আমানতের (এফডিআর) সঠিক দলিলপত্রও নেই।’
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই বেশ কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি করাচ্ছে উল্লেখ করে ড. মুহিত বলেন, সেখানে না আছে হাসপাতাল, না আছে পর্যাপ্ত রোগী। রোগী না থাকলে শিক্ষার্থীরা হাতে-কলমে কী শিখবেন? অভিভাবকরা সারা জীবনের সঞ্চয় ব্যয় করছেন, কিন্তু দিনশেষে তারা প্রতারিত হচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে একটি ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ বজায় রাখতে হবে। পর্যাপ্ত জনবল, হাসপাতাল এবং রোগী না থাকলে কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।
তিনি বর্তমান সরকারকে ‘অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ’ গড়ার সরকার হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও আমাদের বন্ধ করতে হবে।’
জনগণকে এই অভিযানে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জনস্বার্থে আমাদের এই লড়াই চলবে। আপনাদের সমর্থন থাকলে আমরা অবশ্যই বিজয়ী হবো এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করব।’