উন্মোচিত হলো গ্যালাক্সি এস২৬ সিরিজ, দাম কত?
গ্যালাক্সি এস২৬ ৮৯৯ ডলার, এস২৬ প্লাস ১,০৯৯ ডলার, এস২৬ আলট্রা ১,২৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে স্মার্টফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬’ সিরিজ।
বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত জমকালো ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠানে নতুন তিনটি মডেল- গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আলট্রা প্রদর্শন করেছে দক্ষিণ কোরীয় এই প্রযুক্তি জায়ান্ট।
আগামী ১১ মার্চ থেকে ফোনগুলো বিশ্ববাজারে পাওয়া যাবে, তবে আজ থেকেই শুরু হয়েছে আগাম ফরমাশ (প্রি-অর্ডার) প্রক্রিয়া। গ্যালাক্সি এস২৬ ৮৯৯ ডলার, এস২৬ প্লাস ১,০৯৯ ডলার, এস২৬ আলট্রা ১,২৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এস২৬ মডেলে এবার ১২৮ গিগাবাইট সংস্করণ না থাকায় গত বছরের তুলনায় এর প্রারম্ভিক মূল্য ১০০ ডলার বেড়েছে।
নতুন সিরিজে নকশার চেয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের উন্নয়নে বেশি জোর দিয়েছে স্যামসাং। তিনটি মডেলেই ব্যবহার করা হয়েছে বিশেষ কাস্টম চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ফর গ্যালাক্সি’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কাজের গতি বাড়াতে এই প্রসেসরটি বিশেষভাবে অপ্টিমাইজ করা হয়েছে।
- এস২৬: ৬.৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা, ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
- এস২৬ প্লাস: ৬.৭ ইঞ্চি অ্যামোলেড পর্দা, ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
- এস২৬ আলট্রা: ৬.৯ ইঞ্চি অ্যামোলেড পর্দা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
সবগুলো মডেলেই থাকছে ১ থেকে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। আলট্রা মডেলে থাকছে বরাবরের মতোই ‘এস পেন’ ব্যবহারের সুবিধা।
ক্যামেরাব্যবস্থায় আলট্রা মডেলটিকেই সবচেয়ে এগিয়ে রেখেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ ও এস২৬ প্লাসে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। অন্যদিকে, এস২৬ আলট্রায় ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং ৫০ ও ১০ মেগাপিক্সেলের দুটি পৃথক টেলিফটো লেন্স। এই মডেলে সর্বোচ্চ ৫ গুণ অপটিক্যাল জুম সুবিধা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য আলট্রা মডেলেও রাখা হয়েছে ১২ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা।
গ্যালাক্সি এস২৬ সিরিজে দুটি ফিচার বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রথমটি হলো ‘ক্রিয়েটিভ স্টুডিয়ো’, যা একটি সমন্বিত প্ল্যাটফর্ম যেখানে ছবি ও ভিডিয়ো সম্পাদনার সব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলগুলো একসঙ্গে করা হয়েছে। এর ফলে আগে বিভিন্ন অ্যাপে ছড়িয়ে থাকা সুবিধাগুলো এখন ব্যবহারকারীরা এক জায়গাতেই পাবেন। দ্বিতীয়টি হলো ‘প্রাইভেসি ডিসপ্লে’ প্রযুক্তি। এই বিশেষ সুবিধায় ফোনটি সরাসরি সামনে থেকে না দেখলে পর্দা অন্ধকার দেখাবে। এর ফলে জনসমাগমস্থলে ফোন ব্যবহার করার সময় ব্যক্তিগত তথ্য অন্যের চোখে পড়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
এস২৬ আলট্রা মডেলে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে উন্নত কর্নিং গরিলা আর্মার ২ প্রটেকশন গ্লাস এবং ফোনের তাপ নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে নতুন নকশার ভেপার চেম্বার। এ ছাড়া সব এস২৬ কেসেই এবার ম্যাগনেটিক কানেকশনের সুবিধা রাখা হয়েছে। ক্যামেরা অ্যাপে যুক্ত হয়েছে নতুনভাবে নকশা করা নথি স্ক্যানার। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা এখন নিজেদের পছন্দমতো গুগল জেমিনি, স্যামসাং বিক্সবি অথবা পারপ্লেক্সিটির মধ্য থেকে যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।