EN ☀️
×

Follow Us

গেজেট

চ্যাটজিপিটি এখন নতুন ব্রাউজারে, গুগল ক্রোমের আধিপত্য কি শেষ?

‘অ্যাটলাস’- এর মূল লক্ষ্য হলো প্রতিদিনের ব্রাউজিংয়ে এআই-কে গভীরভাবে যুক্ত করা।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৯ এএম

চ্যাটজিপিটি এখন নতুন ব্রাউজারে, গুগল ক্রোমের আধিপত্য কি শেষ?

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’ উন্মোচন করেছে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেনএআই।

এআই-এ বিনিয়োগ থেকে নতুন আয়ের পথ তৈরি এবং দ্রুত বাড়তে থাকা ব্যবহারকারীদের অনলাইন ডেটার গভীরে প্রবেশ করাই এই নতুন ব্রাউজারের অন্যতম লক্ষ্য।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি সপ্তাহে চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন, যা গত ফেব্রুয়ারিতে ছিল ৪০০ মিলিয়ন।

অ্যাটলাসকে কাজে লাগিয়ে ওপেন-এআই ব্যবহারকারীদের ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। যার মধ্য দিয়ে ব্যবহারকারীর অনলাইন জীবনের আরও গভীরে প্রবেশ করতে পারবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

‘অ্যাটলাস’- এর মূল লক্ষ্য হলো প্রতিদিনের ব্রাউজিংয়ে এআই-কে গভীরভাবে যুক্ত করা। অল্টম্যানের ভাষ্যে, প্রচলিত অ্যাড্রেস বার সরিয়ে এটি ‘চ্যাটজিপিটিকে কেন্দ্র করে সাজানো’ হয়েছে।

ব্যবহারকারীরা যেকোনো ওয়েব পেজে চ্যাটজিপিটির সাইড বার খুলে বিষয়বস্তু সংক্ষিপ্ত করতে, পণ্য তুলনা করতে বা তথ্য বিশ্লেষণ করতে পারবেন। এই মোডটি চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইট অনুসন্ধান, তথ্য আদান-প্রদান, এমনকি ভ্রমণ পরিকল্পনা ও অনলাইনে কেনাকাটার মতো কাজ পরিচালনা করার সুযোগ দেবে।

এক প্রদর্শনীতে দেখা যায়, অ্যাটলাস রান্নার রেসিপি খুঁজে নিয়ে ইন্সটাকার্টের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণও কিনে এনেছে।

ওপেনএআই ইতোমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম এটসি (Etsy) ও শপিফাই (Shopify) এবং ভ্রমণ সেবাদানকারী প্ল্যাটফর্ম এক্সপেডিয়া (Expedia) ও বুকিং ডটকম (Booking.com) এর সাথে অংশীদারিত্ব ঘোষণা করেছে।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক এলেনা সিমপার্ল মনে করেন, অ্যাটলাস প্রচলিত ব্রাউজারের চেয়ে অনেক সুবিধাজনক, কারণ এটি বিভিন্ন লিংকে না গিয়ে প্রাসঙ্গিক বিষয়ের সংক্ষিপ্তসার তুলে ধরবে।

এআই ব্রাউজারের সুবিধা থাকলেও এর নির্ভরযোগ্যতা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক সিমপার্ল বলেন, নতুন ধরনের এআই ব্রাউজারটি নির্ভরযোগ্য এবং অনির্ভরযোগ্য সূত্রের লেখার মধ্যে পার্থক্য করতে পারে না, ফলে সংক্ষিপ্তসারের নির্ভুলতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

ওপেনএআই অ্যাটলাসে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছে, তবে এজেন্ট ফিচারে ঝুঁকির কথা স্বীকার করেছে। ব্রাউজারটি কোড চালাতে, ফাইল ডাউনলোড করতে বা অন্যান্য অ্যাপে যেতে পারবে না। এছাড়া ব্যাংকের মতো সংবেদনশীল সাইটে অ্যাক্সেস নিতে পারবে না। ভুল বা ক্ষতিকর নির্দেশনা ওয়েবপেজ বা ইমেইলে লুকিয়ে থাকতে পারে, যা ডেটা চুরি বা অনিচ্ছাকৃত পদক্ষেপ ঘটাতে পারে।

অধ্যাপক সিমপার্ল গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা অনেক ব্যক্তিগত তথ্য প্রম্পট হিসেবে দিচ্ছি যা ব্রাউজিং হিস্ট্রিতে থাকছে, সেটি এমন একটি কোম্পানির হাতে যাচ্ছে যে কোম্পানিটির মানুষের গোপনীয়তা রক্ষা এবং আমাদের ডেটা সুরক্ষিত রাখার প্রমাণিত কোনো রেকর্ড নেই।

অ্যাটলাসে ‘ব্রাউজার মেমোরি’ ফিচার রয়েছে, যা ব্রাউজিং ইতিহাস মনে রাখে, যদিও ওপেনএআই এটিকে সম্পূর্ণ ঐচ্ছিক বলে দাবি করেছে।

এআই পরিচালিত ব্রাউজার বাজারে এলে গুগলের একাধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গবেষণা প্রতিষ্ঠান দাতোসের মতে, ২০২৫ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ ব্রাউজারে প্রায় ৬ শতাংশ অনুসন্ধান এলএলএম-এর মাধ্যমে হয়েছে, যা দ্রুত বাড়ছে।

তবে গুগলেরও এআইতে বড় বিনিয়োগ রয়েছে এবং তারা তাদের জেমিনি এআই মডেলকে ক্রোমের সঙ্গে সমন্বয় করেছে।

মুর ইনসাইট ও স্ট্র্যাটেজির সিইও প্যাট মুরহেড মনে করেন, অ্যাটলাস প্রাথমিক ব্যবহারকারীদের আকর্ষণ করলেও এটি ক্রোম বা মাইক্রোসফট এজের মতো বড় ব্রাউজারগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে কিনা তা সন্দেহজনক।

অন্যদিকে, বিশ্লেষক গিল লুরিয়া মনে করেন, ব্রাউজারে চ্যাট ফিচার সংযুক্ত করা বিজ্ঞাপন বিক্রি শুরুর একটি পূর্ববর্তী ধাপ। ওপেনএআই বিজ্ঞাপন বিক্রি করা শুরু করলে সেটি গুগলের সার্চ বিজ্ঞাপনের বড় অংশ দখল করতে পারে, যেখানে গুগলের দখলে রয়েছে ৯০ শতাংশ।

চ্যাটজিপিটি অ্যাটলাস বর্তমানে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের ফ্রি, প্লাস, প্রো ও গো ব্যবহারকারীরা পাচ্ছেন। ওপেনএআই জানিয়েছে, পরবর্তীতে উইন্ডোজ, অ্যাপল অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েডের জন্য এটি চালু করা হবে।

আরও পড়ুন